১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন: জেলেনস্কি

প্রতিদিনের ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং এর একমাত্র উত্তর ছিল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপে যেন তাকে পিছু হটতে বাধ্য করা যায়। খবর বিবিসির। জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি যে, পুতিন এরইমধ্যে এটা শুরু করে দিয়েছেন। প্রশ্ন হলো তিনি কতটা অঞ্চল দখল করতে পারবেন এবং কীভাবে তাকে থামাতে পারবেন… রাশিয়া বিশ্বের ওপর একটি ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে এবং মানুষের নিজের জন্য বেছে নেওয়া জীবন পরিবর্তন করতে চান।
যুদ্ধবিরতির অংশ হিসেবে ইউক্রেনের আরও জমি রাশিয়ার কাছে হস্তান্তরের দাবি উঠছে। এ সম্পর্কে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমি এটাকে ভিন্নভাবে দেখি। আমি এটাকে কেবল ভূমি হিসেবে দেখি না। এটা আমাদের অবস্থান দুর্বল করবে। এটা মানে সেখানে বসবাসকারী আমাদের লাখ লাখ মানুষকে পরিত্যাগ করা। আমি এটাকে এভাবেই দেখি এবং আমি নিশ্চিত যে এই ‘প্রত্যাহার’ আমাদের সমাজকে বিভক্ত করবে।কিন্তু পুতিনকে সন্তুষ্ট করলে কি এটি একটি ভালো মূল্য পরিশোধ করা উচিত নয়? তাকে কি সন্তুষ্ট করা যাবে? এর উত্তরে তিনি বলেন, এটা হয়তো তাকে কিছুক্ষণের জন্য সন্তুষ্ট করবে… তার একটু বিরতি নেওয়া দরকার।
এর আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ডজনখানেক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার বলা হয়েছে, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে এ হামলায়। এতে অন্তত একজন নিহত হয়েছেন।
রাতভর চালানো হামলায় রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকা, কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসা এবং মধ্য ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ডনিপ্রো, কিরোভোহরাদ, মাইকোলাইভ, পোলতাভা ও সুমি অঞ্চলও হামলার লক্ষ্যবস্তু ছিল। তিনি বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি খাত, তবে আবাসিক ভবন ও রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো কূটনীতির চেয়ে হামলাতেই বেশি বিনিয়োগ করছে বলে মন্তব্য করেন জেলেনস্কি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়