নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় এক যুবককে গলায় ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার চারাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আবুজার (২৩) উপজেলার চারাভিটা গ্রামের আজগর আলীর ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, একই এলাকার চারাভিটা বাজারে ইমান আলীর হোটেলের কর্মচারী তোফাজ্জল (৩০) নামে এক ব্যক্তি আবুজারকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে গলায় ছুরিকাঘাত করে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

