প্রতিদিনের ডেস্ক
সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকি। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপও নিয়েছেন।ইকরা জানিয়েছেন, গত ১১ ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। তার অভিযোগ, সাবেক স্বামী তাকে নির্যাতন করেছেন এবং ছুরি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এ ঘটনায় তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরা নিজের ক্ষতস্থানের কয়েকটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি মামলার কপির ছবিও প্রকাশ করেন তিনি। আবেগঘন এক পোস্টে ইকরা লেখেন, দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে তিনি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “নীরবতা কেবল অত্যাচারীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।”তিনি জানান, বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে তিনি সব মেয়ের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রার্থনা করেন এবং নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ও সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

