১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

৮ মাস ধরে বেতন পান না বাগেরহাট জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীরা টানা আট মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন তারা। একই সঙ্গে বেতন পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বিরুদ্ধে। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৯১ জন আউটসোর্সিং কর্মী কর্মরত রয়েছেন। অভিযোগকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। ফলে বাসাভাড়া, বাজার খরচ ও সন্তানের পড়াশোনার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আউটসোর্সিং কর্মী আকলিমা বেগম বলেন, “আট মাস ধরে বেতন নেই। বাসা ভাড়া দিতে পারছি না। বাজার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। বেতনের কথা বললেই বিভিন্ন অজুহাত দেওয়া হয়।” আরেক কর্মী বর্না বলেন, “আমরা গরিব মানুষ। কাজ করে টাকা না পেলে চলবো কীভাবে? আগে বেতন দেওয়ার সময় জনপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা করে কেটে নেওয়া হতো।” আউটসোর্সিং কর্মীদের সাধারণ সম্পাদক আলামিন অভিযোগ করে বলেন, “বেতন দ্রুত দেওয়ার কথা বলে বিভিন্ন সময় টাকা নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিন পার করছি।” হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক কর্মকর্তা মহিতুর রহমান তার বিরুদ্ধে নানা অবৈধ লেনদেনের অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে, তিনি নিয়ম মেনেই কাজ করছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, আউটসোর্সিং কর্মীদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়