নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় মালয়েশিয়া ফেরত এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহত মো. ইমানুর (৩৪) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন, তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিকরগাছা থানাধীন চন্দ্রপুর এলাকায় সালাম মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ইমানুর মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় মাস আগে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকেই স্থানীয় একটি সন্ত্রাসী চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে বাজারে যাওয়ার পথে একই গ্রামের সবুজ (৩৩), সুমন (৩২), শামিম (৩৩)সহ আরও পাঁচ-ছয়জন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপন দাস জানান, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, প্রবাসী ফেরতদের টার্গেট করে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আলম বলেন, “ঘটনার কথা শুনেছি, পুলিশ একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

