নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মৌজায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচাদের বিরুদ্ধে আত্মসাতের চেষ্টা, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মোছা. মাছুদা পারভীন (মিমি) নামে এক এতিম নারী। রোববার দুপুরে প্রেসক্লাব যশোর-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মিমি জানান, প্রায় পাঁচ বছর আগে তার পিতা মাসুদুল হক মারা যান। তিনি তার একমাত্র কন্যা এবং যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মৌজায় ৩ একর ৮৪ শতক জমির আইনগত উত্তরাধিকারী। মুসলিম উত্তরাধিকার আইনে তার প্রাপ্য ৬৬ শতক জমি হলেও বড় চাচা মাহমুদুল হক ও ছোট চাচা মঞ্জুরুল হক তাকে ভুল বুঝিয়ে মাত্র ২৯ শতক জমি বুঝিয়ে দেন বলে দাবি করেন তিনি। পরবর্তীতে প্রাপ্য অংশ চাইলে তাকে অপমান ও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তার প্রাপ্য জমি পান্না শেখ ও সানি আহমেদের কাছে বিক্রি করেন। কিন্তু ক্রেতারা জমিতে কাজ শুরু করলে তার চাচারা পুলিশ ডেকে এনে কাজ বন্ধ করে দেন। ২৮ ফেব্রুয়ারি থানায় মীমাংসার তারিখ নির্ধারিত হলেও প্রতিপক্ষ সেখানে হাজির হয়নি বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত জমির ক্রেতা পান্না শেখ দাবি করেন, গত ২৬ ফেব্রুয়ারি জমিতে কাজ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডার সেলিম রেজা পান্নুর ম্যানেজার রাসেলের নেতৃত্বে একদল লোক বাধা দেয়। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তিনি। অপর ক্রেতা সানি আহমেদ বলেন, পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত দাবি করে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে জমি দখলে বাধা সৃষ্টি করা হচ্ছে।সংবাদ সম্মেলনে মিমির স্বামী মাসুদুল হকও উপস্থিত ছিলেন।

