মাসুম বিল্লাহ কেশবপুর
যশোরের কেশবপুরে জবরদখলকারীর হাত থেকে জমি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নূর ইসলাম গাজী নামে এক ব্যক্তি। শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর এলাকার ওই ব্যক্তি জমি জবরদখলের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠকালে নূর ইসলাম গাজী জানান, তিনি একজন কৃষক এবং বাজারে সাইকেলে করে কটকটি বিক্রি করে পরিবারের ৭ সদস্যের জীবিকা নির্বাহ করে থাকেন। ২০০৬ সালের ভোগতী নরেন্দ্রপুর মৌজায় কালাবাসা নামক স্থানে একই গ্রামের সামাদের নিকট থেকে দেড় শতক জমি নিজ নামে ক্রয় এবং পরবর্তীতে নামপত্তন করেন। যার খতিয়ান নং: ১৪৮৭, দাগ নং: ২৮৩৯। ওই জমির কিছু অংশে একটি চা-এর দোকান নির্মাণ করে ভাড়া দেই। এরপর ২০১২ সালে ভোগতী নরেন্দ্রপুর গ্রামের মোকাম গাজী ওই মালিকের একই দাগ হতে প্রথমে ২ শতক পরবর্তীতে আরও ৪ শতক সর্বমোট ৬ শতক জমি ক্রয় করে। এরপর থেকেই সে শুরু করে তার জমির ভেতর দিয়ে পাকা নির্মাণ কাজ করার। বিগত ২০২৫ সালের প্রথম দিকে জোর পূর্বক তার জমিতে ঘর নির্মাণ করার চেষ্টা চালায়। তিনি প্রতিবাদ করতে গেলে মোকাম গাজীর হুমকীতে প্রাণ ভয়ে পালিয়ে আসেন। মোকাম গাজী তৎকালীন ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা ও অবৈধ টাকার জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে আমার জমির কিছু অংশ জবর দখলে নিয়ে পাকা প্রাচীর নির্মাণ করে ভোগ দখল করছে। উপায়ন্ত না পেয়ে ওই সময় ১৪৪ ধারা করেন। উপায়ান্ত না পেয়ে পৌর প্রশাসকের নিকট জমির প্রকৃত মাপ ও বিবাদ নিরসন কল্পে আবেদন করেন। যা গত ১ মার্চ পৌরসভার সার্ভেয়ার দ্বারা মাপ হয় এবং দেখা যায় মোকাম গাজী তার জমির ৩ ফুট ৩ ইঞ্চি জবর দখল করে নির্মাণ কাজ সম্পন্ন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে নূর ইসলাম গাজী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

