ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে উপাচার্য বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের ১৫ দিনের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এই স্মারকলিপি দেয় সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- নিহত শিক্ষিকার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৩০ দিনের মধ্যে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করার পাশাপাশি পরিবারের সদস্যদের বেসিক বেতনসহ বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য সকল সুযোগ-সুবিধার আওতায় আনা, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় যত দ্রুত সম্ভব বিভাগের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু করা, বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সকল আর্থিক লেনদেন ও কার্যক্রমের পূর্ণাঙ্গ তদন্ত করে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা এবং অবদান ও স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের দাবি অতিদ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

