২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক

প্রতিদিনের ডেস্ক:
রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের ব্যস্ত সড়কে এক পথচারীকে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত মডেল মনিকা কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, যানজটে স্থবির হয়ে থাকা একটি সড়কে সাধারণ এক পথচারীর ওপর চড়াও হয়েছেন রুশ বংশোদ্ভূত এই বাংলাদেশি মডেল। ঘটনার আকস্মিকতায় উপস্থিত জনতা ও নেটিজেনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা গেছে, গুলশান অ্যাভিনিউ এলাকায় ট্রাফিক সিগন্যালে আটকে থাকা গাড়িবহরের মাঝ দিয়ে ব্যাগ কাঁধে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় মডেল মনিকা কবিরের শরীরের কোনো অংশে ওই পথচারীর ব্যাগ বা হাতের স্পর্শ লাগলে তিনি চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। কোনো প্রকার বাগবিতণ্ডার সুযোগ না দিয়েই তিনি ওই ব্যক্তিকে ধাক্কা মারেন এবং নিজের হাতে থাকা ব্যাগ দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে চলা এই অপ্রীতিকর পরিস্থিতিতে আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকেই শক্তভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি।
ভিডিওর শেষ অংশে মনিকা কবিরের আচরণ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মারধর শেষে তিনি ভিডিও ধারণকারীর দিকে তাকিয়ে হাসিমুখে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন, যা সামাজিক মাধ্যমে নেটিজেনদের আরও বেশি উত্তেজিত করে তুলেছে। অনেকে বিষয়টিকে সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা ও চরম ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তবে ইন্টারনেটের একাংশ দাবি করছে, ওই পথচারী মডেলের প্রতি কোনো অশোভন ইঙ্গিত করেছিলেন বলেই তিনি এমন মারমুখী হয়ে ওঠেন। যদিও এখন পর্যন্ত এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি।মনিকা কবির মূলত মূলধারার ফ্যাশন জগতে খুব বেশি পরিচিত মুখ না হলেও বিভিন্ন ইউটিউব টকশো এবং অনলাইন ভিডিওতে বিচিত্র সব মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য আগে থেকেই আলোচিত-সমালোচিত। এবারের এই মারধরের ঘটনা তার আগের বিতর্কিত ভাবমূর্তিতে নতুন মাত্রা যোগ করল।
ঘটনার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়