২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ইরানি গণমাধ্যমে

প্রতিদিনের ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন—এমন জল্পনা ছড়িয়েছে ইরানি গণমাধ্যমে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের হিব্রু ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে এ ধরনের গুঞ্জন বাড়ছে।প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি বিষয় এই জল্পনাকে উসকে দিয়েছে।
প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিনদিন পার হয়ে গেছে। একইভাবে, তার সর্বশেষ ছবি প্রকাশেরও প্রায় চারদিন হয়ে গেছে। এরপর তার নামে যে কয়েকটি বক্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে এসেছে।
দ্বিতীয়ত, সাধারণত নেতানিয়াহুর চ্যানেলে প্রতিদিন অন্তত একটি ভিডিও, কখনো কখনো তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত তিনদিনে একটিও ভিডিও প্রকাশ না হওয়ায় জল্পনা আরও বেড়েছে।
তৃতীয়ত, কয়েকটি হিব্রু সূত্রের বরাতে বলা হয়েছে, গত ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
চতুর্থত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল হওয়ার বিষয়টিও এই ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এলিসি প্যালেস কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি; কেবল কথোপকথনের লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে।
তবে এসব তথ্যের ভিত্তিতে ছড়ানো জল্পনা এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়