কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে শফিকুল ইসলাম আজম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় মিরপুর উপজেলার সদরপুর বাজারে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম মিরপুর উপজেলার বিল আমলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া তিন রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে নিজ তামাকের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রতিষ্ঠান থেকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেটে লাগা গুলি ভেতরের রক্তনালিকে ইনজুরড করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়েছে।

