কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
দেয়ালে দেয়ালে টাঙানো হয়েছে হারানো বিজ্ঞপ্তি। নিজের পোষা আদরের প্রিয় বিড়ালকে হারিয়ে এখন তাকে খুঁজে পেতে এলাকার বিভিন্ন স্থানে এভাবে পোস্টার লাগানো হচ্ছে। পাশাপাশি হারানো বিড়ালের সন্ধান দাতাকে উপযুক্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আর এমনই ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারে। এ বিষয়ে বিড়ালের মালিক নুসরাত জাহান নিতু জানান, চিতলমারী সদর বাজারের বাসিন্দা মুত শামসুর রহমান খলিফা তার নানা। ঈদে তিনি ও তার ছোটভাইসহ পরিবারের লোকজন মিলে নানা বাড়িতে বেড়াতে এসেছেন। আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছেন আদরের পোষা দুটি বিড়াল। প্রথম কয়েক দিন বিড়াল দুটিকে নজরে রাখলেও তাদের চোখ ফাঁকি দিয়ে কয়েক দিন আগে বিড়াল দুটি হারিয়ে গেছে। তিনি জানান, এখন প্রিয় বিড়ালকে হারিয়ে দিশেহারা সে। ছোট ভাইকে সঙ্গে নিয়ে লোকের বাসায় বাসায় খুঁজে ফিরছেন। এখন কোনো উপায় না পেয়ে ভাইকে নিয়ে বিড়ালের ছবিসহ দেয়ালে দেয়ালে হারানো বিজ্ঞপ্তির পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন। মিতু আরও জানান, তার বিড়াল দুটি একটু ভিতু স্বভাবের। দেখতে অনেকটা দেশীয় প্রজাতির মনে হলেও এটি বিদেশি জাতের। হারানো বিড়ালের মধ্যে একটি স্ত্রী বিড়াল ও একটি পুরুষ বিড়াল রয়েছে। মা বিড়ালটির বয়স ৬ বছর। তার গায়ের রং ধূসর। এছাড়া ছেলে বিড়ালটির বয়স ৩ বছর এবং তার গায়ের রং সাদার উপরে কালো ছোপ রয়েছে। এ বিড়াল দুটির কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেবেন বলেও জানান তিনি। বিড়ালের প্রতি এমন ভালোবাসা দেখে অনেকে অবাক হয়েছেন। এ ব্যাপারে চিতলমারী ওয়াপদা রোডের বাসিন্দা ইসমাইল হোসেন খান জানান, প্রাণীর প্রতি এমন ভালোবাসার নজির খুব কমই আছে। আশপাশের লোকজনও বিষয়টি নিয়ে ভাবছে। কারো সামনে বিড়াল দুটি পড়লে তাদের বাসায় খবর দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

