১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এআই চরিত্রের প্রেমে ৮৪ বয়সি নারী, লিখলেন প্রেমপত্র

প্রতিদিনের ডেস্ক
একাকিত্ব এবং সঙ্গীর চাহিদা কীভাবে বয়স্ক মানুষের ওপর প্রভাব ফেলে তা নতুন করে সামনে এনেছে চীনের এক অদ্ভূত ঘটনা। দেশটির ৮৪ বছর বয়সি এক নারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি এক চরিত্রের প্রেমে পড়ে যান—তার ভিডিও ঘণ্টার পর ঘণ্টা দেখেন। এমনকি তাকে প্রেমপত্রও লেখেন। খবর এনডিটিভির।
চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ঝাং ইউলান প্রথমে একটি এআই-নির্মিত চরিত্রের প্রতি আকৃষ্ট হন, যাকে ‘বসি প্রেসিডেন্ট’ বলা হয়। চীনা রোমান্টিক গল্পে এই ধরনের চরিত্র বেশ জনপ্রিয়—তারা সাধারণত কঠোর স্বভাবের হলেও সঙ্গীর প্রতি যত্নশীল ও দায়িত্বশীল। ধীরে ধীরে ঝাং ‘জিয়ানগুও’ নামে অনুরূপ এক ডিজিটাল চরিত্রের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়েন। তিনি প্রতিদিন ১০ ঘণ্টারও বেশি সময় ধরে তার ভিডিও এবং অন্যান্য এআই-নির্ভর কনটেন্ট দেখতেন। একপর্যায়ে তিনি তার সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করতে শুরু করেন এবং তাকে বিয়ে করার কথাও ভাবতে থাকেন। শুধু ভিডিও দেখাতেই সীমাবদ্ধ থাকেননি ঝাং। গত ফেব্রুয়ারিতে তিনি জিয়ানগুওকে হাতে লেখা একটি প্রেমপত্র পাঠান। সেখানে তিনি তাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চান এবং প্রশ্ন করেন—সে কি তাকে ঘৃণা করে, নাকি আগের মতোই কোমল ও ভালো মানুষ হিসেবে দেখে। তাদের মধ্যে ‘দ্বন্দ্ব’ তাকে মানসিকভাবে ভীষণ কষ্ট দিচ্ছে বলেও উল্লেখ করেন। চিঠিতে তিনি আরও লেখেন, জিয়ানগুওর কর্তৃত্বপরায়ণ আচরণ তার ভালো লাগে। যদিও তিনি বলেন, সে তাকে কথা বলার সুযোগ দেয় না এবং শুনতেও চায় না—তবুও তিনি বিশ্বাস করেন, যেকোনো সম্পর্কের জন্য যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝাংয়ের পরিবার বিষয়টি জানতে পারে তার অস্বাভাবিক খরচের বিষয়ে খতিয়ে দেখে। জানা যায়, তিনি জিয়ানগুওর অনলাইন দোকানে ৭ হাজার ইউয়ানের বেশি খরচ করেছেন। এমনকি যে পণ্যের দাম অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে মাত্র ৯.৯ ইউয়ান, সেটির জন্য তিনি কয়েকশ ইউয়ান পরিশোধ করেছেন। মার্চ মাসে এআই চরিত্রের পরামর্শে আরও ১,২০০ ইউয়ানের বই কেনার পর তার নাতনি বিষয়টি চীনের ভোক্তা অভিযোগ ব্যবস্থায় জানায়। প্রতিবেদন অনুযায়ী, চীনের সাইবারস্পেস প্রশাসন ফেব্রুয়ারিতেই ‘জিয়ানগুও’র অ্যাকাউন্ট স্থগিত করে। এটি ‘ক্লিয়ার অ্যান্ড ব্রাইট’ অভিযানের অংশ, যার লক্ষ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ও সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা। এই ঘটনা দেখায়, ‘বসি প্রেসিডেন্ট’ ধরনের এআই চরিত্রগুলো বিশেষ করে মধ্যবয়সী ও বয়স্ক নারীদের মধ্যে জনপ্রিয়। এ ধরনের চরিত্র সাধারণত যত্নশীল, সুরক্ষামূলক এবং স্নেহপূর্ণ সম্বোধনের মাধ্যমে সহজেই আবেগিক সম্পর্ক তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা বয়স্কদের একাকিত্ব, ভালোবাসা, মনোযোগ ও সঙ্গের চাহিদার একটি স্পষ্ট প্রতিফলন—যা জীবনের এই পর্যায়ে আরও তীব্র হয়ে ওঠে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়