প্রতিদিনের ডেস্ক:
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের একজন প্রতিনিধি যুদ্ধবিমানের বিধ্বস্ত কিছু অংশের ছবি পেয়েছেন। এ ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে আরো একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তাসনিমের সামরিক বিষয়ক সংবাদদাতা ধারণা করছেন, ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ (এক্সজস্ট) দেখা গেছে। তাই ধরে নেওয়া যেতে পারে, ভূপাতিত যুদ্ধবিমানটি একটি এফ-১৬ অথবা এফ-৩৫। তেহরানসহ দেশের কয়েকটি শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ভারী গোলাবর্ষণের মুখে পড়ে বেশ কয়েকটি যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলোর মধ্যে কয়েকটি ফ্লেয়ার ছুড়ে বিমান প্রতিরক্ষা বাহিনীর গোলাবর্ষণ এড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, সম্ভবত এদের মধ্যে একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।এই ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।এর আগে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) একই দিনে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ এবং একটি এ-১০ যুদ্ধ বিমান ধ্বংস করে ইরান। এফ-১৫ বিমান খোঁজার অভিযানে থাকা যুক্তরাষ্ট্রের দুটি সামরিক হেলিকপ্টারেও ইরান গুলি চারিয়েছে। এতে হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্থ হলেও ভেতরে থাকা সবাই নিরাপদ আছেন বলে এনবিসি নিউজকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হেলিকপ্টারের কয়েকজন ক্রু আহত হলেও দুটি হেলিকপ্টারই নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছে।
আরো আগে গত ২ মার্চ কুয়েতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ ছাড়া গত ১২ মার্চ ইরাকে একটি জেট ট্যাংকার কেসি-১৩৫ বিধ্বস্ত হয়ে ৬ জন মার্কিন বিমানবাহিনীর সদস্য নিহত হন। গতমাসে একটি এফ-৩৫ যুদ্ধবিমানও ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ গত ২৭ মার্চ সৌদির একটি বিমান ঘাঁটিতে থাকা ই-৩ সেন্ট্রি বিমান ইরানি হামলায় বিধ্বস্ত হয়।

