২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খড়ের আগুনে পুড়লো ১৫ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে গমের খড় পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গম ও তামাকসহ প্রায় ১৫ বিঘা জমির ফসল পুড়ে গেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে চোখতোলা মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জমি থেকে গম কাটার পর পরিষ্কারের উদ্দেশ্যে আজিজুল নামের এক কৃষক পরিত্যক্ত খড়ে আগুন দেন। কিন্তু প্রচণ্ড রোদ ও দমকা বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের জমিতে ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষক ও এলাকাবাসী প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় ১৫ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে যায়। ভুক্তভোগী কৃষক মজনু জানান, আগুনে গমের পাশাপাশি ইঞ্জিনচালিত পানি তোলার স্যালো ইঞ্জিন পুড়ে গেছে। এর আগে গত ২ এপ্রিল উপজেলার শিমুলতলা হাড়িয়াদহ মাঠে মাত্র পাঁচ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত বিঘা জমির ফসল পুড়ে যায়। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন, খড় পোড়ানো থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও অনেক কৃষক এখনও তা মানছেন না। ফলে ৎকৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়