প্রতিদিনের ডেস্ক:
উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আজ সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।গত বুধবার (১ এপ্রিল) বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ বৈঠকের বিষয়ে জানানো হয়। বৈঠকটি দুপুর ১টায় বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।চিঠিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বৈঠকে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।এছাড়া বিদ্যুৎ বিভাগের সচিব,জ্বালানি বিভাগের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একজন উপযুক্ত প্রতিনিধি, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের প্রতিনিধি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের সব অতিরিক্ত সচিব, এফবিসিসিআই এর প্রশাসক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ডিপিডিসি/ডেসকো/ওজোপাডিকো/নেসকো এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি অথবা সাধারণ সম্পাদক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক ব্যবস্থাপনা পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়।

