প্রতিদিনের ডেস্ক:
জাতীয় সংসদে মানবাধিকার কমিশন আইন নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে কড়া মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-এর বক্তব্য রাজনৈতিক ময়দানের জন্য ‘জুসি’, তবে সংসদের জন্য প্রাসঙ্গিক নয়।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ নিয়ে আলোচনার সময় হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন। কিন্তু এই বক্তৃতা পল্টন ময়দান, প্রেসক্লাব বা রাজপথের জন্য বেশি মানানসই।সংসদে আইন নিয়ে কথা বলতে হলে বিল পড়া জরুরি। আমার মনে হয়, তিনি সবই পড়েছেন,শুধু বিলের প্রথম লাইনটি পড়েননি।তিনি ব্যাখ্যা করে বলেন, বিলের শুরুতেই উল্লেখ রয়েছে, ২০২৫ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে আরও পর্যালোচনা ও অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন। এ কারণে আইনি শূন্যতা এড়াতে সাময়িকভাবে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করা হয়েছে।২০২৫ সালের অধ্যাদেশের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, এতে ক্ষতিপূরণ ও জরিমানার বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই, যা ভুক্তভোগীদের জন্য আরও সমস্যার সৃষ্টি করতে পারে।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘সরকারের ৪২ দিনে দেশে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। আমরা চাই না এমন সংস্কৃতি আর ফিরে আসুক।’এর আগে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ২০০৯ সালের আইন পুনর্বহাল করা একটি পশ্চাৎমুখী পদক্ষেপ এবং এটি অতীতে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।
সংসদে এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে মানবাধিকার কমিশন আইন নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

