২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

প্রতিদিনের ডেস্ক
বলিউডের জনপ্রিয় আইটেম গানে দর্শক মাতানো নোরা ফাতেহি আবারও আলোচনায়। নাচ, সৌন্দর্য ও অভিনয়ের জন্য যেমন প্রশংসিত, তেমনি বিতর্কও তাঁর পিছু ছাড়ে না। সম্প্রতি ‘কেডি : দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অন্ধকার দিক নিয়ে খোলামেলা কথা বলেন নোরা। শৈশব, পারিবারিক অভিজ্ঞতা থেকে শুরু করে সম্পর্ক—সব কিছু নিয়েই অকপট ছিলেন তিনি। নোরার ভাষায়, ‘আমার একটু ড্যাডি ইস্যু আছে।’ ছোটবেলাতেই তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। বাবার সঙ্গে আর কোনো যোগাযোগ না থাকায় পুরুষদের প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল বলেও জানান অভিনেত্রী। তিনি জানান, শৈশবের সেই অভিজ্ঞতা পরবর্তী জীবনে সম্পর্কগুলোতেও প্রভাব ফেলেছে। অনেক সময় সম্পর্কের গভীরতা বোঝা কঠিন হয়ে যেত, আবার অকারণেই আবেগপ্রবণ হয়ে পড়তেন। কোনো সম্পর্ক ভেঙে গেলে তা মেনে নেওয়াও তাঁর জন্য ছিল কঠিন। তবে জীবনের কঠিন সময়ে পাশে ছিলেন তাঁর মা। নোরার মতে, ভাঙা সম্পর্ক সহজে ভোলা যায় না, কিন্তু সময় ও আত্মভালোবাসা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। তিনি পরামর্শ দেন, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে, নিজের ভুলগুলো চিহ্নিত করতে হবে এবং প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়া উচিত। অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন থাকলেও সেগুলো নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলেননি নোরা। কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন একসময় বেশ আলোচিত ছিল। এ ছাড়া অভিনেতা অঙ্গদ বেদি ও প্রিন্স নারুলার সঙ্গেও তাঁর নাম জড়ায়।শুধু তাই নয়, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে এসব বিষয়ে বরাবরই নীরব থেকেছেন তিনি। এ ছাড়া টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল, যদিও সেই গুঞ্জনও কখনো নিশ্চিত হয়নি। নোরা আরো জানান, ছোটবেলায় একা হয়ে যাওয়ার ভয় তাঁকে তাড়া করত। সেই ভয় থেকেই অনেক সময় ভুল সম্পর্কেও জড়িয়ে থাকতেন। তবে এখন তাঁর উপলব্ধি—শুধু একা থাকার ভয় থেকে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা উচিত নয়। অভিনেত্রীর কথায়, আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক ধরে রাখা সুখকর নয়। নিজেকে ভালোবাসতে পারলেই জীবনের ভয় কমে এবং জীবন হয়ে ওঠে আরো সুন্দর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়