৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: রিমান্ড শেষে কারাগারে মঈনসহ ৭ আসামি

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থিত করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন শেরেবাংলা নগর থানার শ্যামলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাব্বির আহমেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সাতজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার অন্য আসামিরা হলেন এমবি স্বপন কাজী, শাওন হোসেন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. সুমন ও মো. লিটন মিয়া।
এর আগে গত ১৪ এপ্রিল মঈন উদ্দিন মঈন, এমবি স্বপন কাজী ও শাওন হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম। আর ১৩ এপ্রিল পৃথক শুনানিতে মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)-এর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।মামলার বিবরণে জানা যায়, সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ ১১ এপ্রিল শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেয়। এ ঘটনায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করা হয় এবং আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩৮৫ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়