প্রতিদিনের ডেস্ক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।তিনি বলেন, মানুষের শান্তি, উন্নয়ন ও স্বাধীনভাবে চলাচলের পরিবেশ নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য।শনিবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরেন। তার মতে, ১৯৭১ সালে দিশাহারা জাতির এক সংকটময় সময়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং তার আহ্বানে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়।জয়নুল আবদিন ফারুক বলেন, জিয়াউর রহমানের আদর্শই তাকে রাজনীতিতে টিকে থাকতে অনুপ্রাণিত করেছে। তিনি উল্লেখ করেন, জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম চালিয়ে গেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।তিনি অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে হত্যা, পানির অধিকারসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি সব সময় জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও ত্যাগের মধ্য দিয়ে দলটি বর্তমান অবস্থানে এসেছে বলেও দাবি করেন তিনি।তিনি আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আর কোনো অগণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি হবে না।এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতারা।

