প্রতিদিনের ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল না শরীফুল ইসলামের। তবে শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমান চোট পাওয়ায় তার কপাল খুলে। ১৬ মাস পর আবার ওয়ানডে খেলার সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজেও লাগান বাঁহাতি পেসার। মিরপুরে বোলিং কোটাপূর্ণ করে ২৭ রানে নেই ২ উইকেট।
তবে শরীফুল দারুণ বোলিং করলেও জিততে পারেনি বাংলাদেশ। কিউইদের কাছে ২৬ রানে হেরেছে স্বাগতিকেরা। আগামীকাল সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। শরীফুলের বিশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। তিনি বলেছেন, ‘আমাদের হাতে এখনো দুই ম্যাচ আছে। ঘুরে দাঁড়ানোর মতো আমাদের সামর্থ্য আছে। এক ম্যাচে হয়তো আমরা ভুল করেছি।তারা অবশ্যই ভালো দল, আমরাও ভালো দল। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।’প্রথম ম্যাচে নিজের একাদশে সুযোগ পাওয়ার বিষয়ে শরীফুল জানান, টসের দুই সেকেন্ড আগে জানতে পারেন খেলছেন তিনি। বাঁহাতি পেসার বলেছেন, ‘যখন টস হবে, সেটা হওয়ার হয়তো দুই এক সেকেন্ড আগে আমাকে বললো আমি খেলবো।
তাসকিন ভাইয়ের সঙ্গে তখন রিশাদ ভাই বলেন, তোমার রিজিকে আছে। সো আমি ওইভাবেই প্রিপারেশন নিয়েছি। তারপর রানআপ মেপেছি, ওয়ার্মআপ বোলিং করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রাখছিল তার জন্য আরকি।’

