৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মানবতাবিরোধী অপরাধ জয় ও পলকের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর বাকি জবানবন্দি আজ

প্রতিদিনের ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীর বাকি জবানবন্দি আজ রোববার (১৯ এপ্রিল) নেওয়া হবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা এ জবানবন্দি দেবেন। এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি জবানবন্দি পেশ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন ট্রাইব্যুনাল।তারও আগে গত ১৩ এপ্রিল জয় ও পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন সাক্ষীকে জেরা করেন গ্রেফতার পলকের আইনজীবী আমিনুল গনি টিটো ও লিটন আহমেদ এবং পলাতক জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।এ মামলায় গত ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের পক্ষে আদালতে সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। এতে প্রসিকিউশন জয় ও পলককে জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে।গত ২১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ জয়ের কাছ থেকে আসতো এবং সেই নির্দেশ বাস্তবায়ন করতেন পলক। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। যদিও আসামিপক্ষের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।অভিযোগ গঠনের শুনানিতে পলকের আইনজীবী আদালতে বলেন, ইন্টারনেট বন্ধের নির্দেশ পলক দেননি এবং এ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসতো। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও গুজব প্রতিরোধে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল।এ মামলার আসামি জয় পলাতক রয়েছেন। অন্য আসামি পলক বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অভিযোগ গঠনের দিন তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। ওইদিন জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং আটক পলককে গ্রেফতার দেখানো হয়। ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়