৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড, থানায় জিডি

প্রতিদিনের ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে মানহানির অপচেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো. শাহীদুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এ জিডি করেন।সোমবার (২০ এপ্রিল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল (রোববার) প্রতিমন্ত্রীর একান্ত সচিব জিডি করেছেন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।’জিডিতে বলা হয়, রোববার বিকেলে সেগুনবাগিচা এলাকায় অবস্থান করার সময় আমার নিকটজনের মাধ্যমে জানতে পারি যে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ব্যবহার করে ফটোকার্ড তৈরি করে ফেসবুক গ্রুপ জেনজি (এফএস গেমিং) থেকে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ তার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। ফটোকার্ডে লেখা আছে, ‘গতকাল রাতে আমি ঢাকার অন্তত ১০টা পাম্পে গিয়েছি; কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি- জ্বালানি প্রতিমন্ত্রী।’জিডিতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দিন রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এমন বক্তব্য কোথাও দেননি। বরং বিশ্বব্যাপী তেল সংকট দেশে যে প্রভাব সৃষ্টি করছে তা মোকাবিলায় তিনি অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মাতারবাড়ীতে বিভিন্ন তেল ও বিদ্যুৎ-সংক্রান্ত অবকাঠামো পরিদর্শন ও দিকনির্দেশনা দেওয়া শেষে রোববার বিকেলে ঢাকায় ফেরেন।প্রতিমন্ত্রীর একান্ত সচিব জিডিতে অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ভুয়া ফটোকার্ড তৈরি করে ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে তার বরাতে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সুনামহানির অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের জ্বালানি ব্যবস্থাপনায় তিনি স্বল্প সময়ে যে সফলতার স্বাক্ষর রেখেছেন, তা ম্লান করার চেষ্টা করা হচ্ছে। অতএব দুষ্কৃতকারীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা প্রয়োজন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়