প্রতিদিনের ডেস্ক:
পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদের উদ্যোগের প্রতি বেইজিংয়ের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে। খবর বিবিসির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইসহাক দার চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকে জাইদং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ সহজ করতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এই অঞ্চল এবং এর বাইরে টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে।এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাড়বেন এবং পাকিস্তান যাবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স রওয়ানা হবেন।তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার জানিয়েছে যে, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য এখনো কোনো ইরানি প্রতিনিধিদল রওয়ানা হয়নি।এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ইরান থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে কোনো প্রতিনিধিদল রওয়ানা হয়নি; তা মূল প্রতিনিধিদল হোক বা সহায়ক; প্রাথমিক হোক বা দ্বিতীয়।সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

