প্রতিদিনের ডেস্ক:
এ মুহূর্তে ছোটপর্দার অভিনেত্রী জেনিফার উইংগেট ও করণ ওয়াহিকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বিয়ের গুঞ্জন। ভক্ত-অনুরাগীদের জল্পনা— খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের দিনক্ষণ সবই ঠিক করে ফেলেছেন। এবার শুধু বিয়ের আয়োজনের অপেক্ষা। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট ঘিরে চলছে সেই জল্পনা-কল্পনা।
সম্প্রতি বিয়েসংক্রান্ত সেই পোস্টে জেনিফারের মন্তব্য থেকে এ জল্পনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ‘ওয়েডিং ড্যান্স’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। এ সংস্থা বিয়ের অনুষ্ঠানের আয়োজক হিসেবে পরিচিত। তারা এক নবদম্পতির ছবি শেয়ার করে নিয়েছে। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছে— আপনারাও কি নিজেদের বিয়েতে এমন আয়োজন চান? তাহলে এখনই মন্তব্য বিভাগে ‘ড্যান্স’ লিখুন। তাহলে আমরা বিশদে আপনাদের আয়োজন সম্পর্কে সব জানাব।সেই ‘নির্দেশ’মতোই জেনিফার মন্তব্যে লিখেছেন— ‘ড্যান্স, প্লিজ’। অনুরাগীদের চোখে পড়ে যায় এ মন্তব্য। তবে কি বিয়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে জেনিফারের? প্রশ্ন তুলছেন তার ভক্ত-অনুরাগীরা। যদিও কিছুক্ষণ পর এ মন্তব্য মুছে দেন অভিনেত্রী।
জেনিফারের ভক্ত-অনুরাগীদের অনেকেই মনে করছেন, বিয়ের দিনক্ষণ সবই ঠিক করে ফেলেছেন। এবার শুধু বিয়ের আয়োজনের অপেক্ষা। অনুরাগীরা উচ্ছ্বসিত জেনিফারের এ মন্তব্য দেখার পর থেকে। এক নেটিজেন লিখেছেন— অবশেষে নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন জেনিফার। আমি খুব খুশি। আমাদের এ অনুমান যেন সত্যি হয়। এর আগে ২০১২ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী জেনিফার উইংগেট। যদিও বছর দুইয়ের মাথায় সেই বিয়ে ভেঙে যায়। করণ সিং এর পর বিপাশা বসুকে বিয়ে করেন।অন্যদিকে সেই থেকে একাকী ছিলেন জেনিফার উইংগেট। কিন্তু গত কয়েক দিনে করণ ওয়াহির সঙ্গে নাম জড়িয়ে পড়ে জেনিফারের। তবে এবার সেই জল্পনা একেবারেই মিথ্যা— এমন দাবি করেছিলেন করণ ওয়াহি। ‘দিল মিল গয়ে’খ্যাত অভিনেতা একটি পোস্টে লিখেছিলেন— সস্তার প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।এখানেই শেষ নয়; জেনিফারের সঙ্গে একটি ‘রিল’ পোস্ট করে করণ ওয়াহি আরও লিখেছেন— কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়। এককথায় জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জন নাকচ করে দেন অভিনেতা। তাহলে পাত্র কি অন্য কেউ? সেই প্রশ্ন অনুরাগীদের।

