১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ব্রুনো

প্রতিদিনের ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদো রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই আসরটি হতে পারে তার শেষ বিশ্বকাপ। ব্যক্তিগত ও ক্লাব পর্যায়ে প্রায় সব শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ট্রফি এখনো অধরা রয়ে গেছে। তাই সতীর্থরা চান, বিদায়ের আগে তাকে এই মর্যাদাপূর্ণ শিরোপা উপহার দিতে। এবারের বিশ্বকাপে পর্তুগালকে শক্তিশালী দল হিসেবে দেখা হচ্ছে। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—সব বিভাগেই তাদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে, যা কাজে লাগিয়ে সেরা পারফরম্যান্স দিতে চায় কোচ রবার্তো মার্টিনেজের দল। মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজও আশা প্রকাশ করেছেন, রোনালদোর অবদানের স্বীকৃতি হিসেবে দলটি বিশ্বকাপ জিততে পারবে।
বিবিসির এক অনুষ্ঠানে ওয়েইন রুনির সঙ্গে আলাপকালে ফার্নান্দেজ বলেন, রোনালদো যদি শেষ বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে পারেন, তা হবে অসাধারণ অর্জন। তিনি বিশ্বাস করেন, এটি শুধু পর্তুগালের জন্য নয়, বরং বিশ্ব ফুটবলের জন্যও বিশেষ কিছু হবে। ৪১ বছর বয়স পার করেও রোনালদো এখনো তার স্বপ্নের পেছনে ছুটছেন। তিনি পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যেও এগিয়ে চলেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ এবার ঘোচাতে চান তিনি। রোনালদো ইতোমধ্যে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন এবং পর্তুগালকে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি উয়েফা নেশন্স লিগ জিতিয়েছেন। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে পর্তুগাল ‘কে’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। গ্রুপপর্বে তারা যথাক্রমে ১৭, ২৩ ও ২৭ জুন এই দলগুলোর মুখোমুখি হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়