প্রতিদিনের ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৭ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়।এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সাবেক এই এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে গোলাপকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।একসময় সচিব পদমর্যাদায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন গোলাপ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

