১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জুলাই শহীদ রাব্বি হত্যা: ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর

মাগুরা প্রতিনিধি
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার দুই আসামির জামিন পাওয়াকে কেন্দ্র করে দুই আইনজীবীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাগুরা শহরের জেলাপাড়া এলাকায় ৪০-৫০ জন হঠাৎ লাঠিসোঁটা নিয়ে এসে ২-৩ মিনিটের মধ্যে আইনজীবী হাবিবুর রহমানের কার্যালয়ে ভাঙচুর চালান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট পারনান্দুয়ালী এলাকায় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ইউনুস আলী ১৩ আগস্ট রাতে মাগুরা সদর থানায় সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে আইনজীবী মো. উজ্জ্বল হোসেন বলেন, আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। হাইকোর্ট থেকে এক আসামির জামিন হয়েছে, শুধু বেলবন্ডে (জামিননামা) স্বাক্ষর করেছি। আমার এক সহকারীর আত্মীয় হওয়ায় ওই মামলার ৯ নম্বর আসামি হেদায়েত কুরাইশের বেলবন্ড সামনে ধরলে আমি সই করে দিই। এর বেশি কিছু জানি না। শুনেছি, এ জন্য আমার কার্যালয়ে হামলা চালানো হয়েছে। অন্যদিকে আইনজীবী হাবিবুর রহমান জানান, বেলা দেড়টার দিকে ৪০ থেকে ৫০ জন লোক হঠাৎ এসে ২ থেকে ৩ মিনিটের মধ্যে তার চেম্বারে ভাঙচুর চালায়। এতে টেবিল, চেয়ার ও আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। হাবিবুর রহমান আরও বলেন, তার মক্কেল রাব্বি হত্যা মামলার আসামি আজিম প্রায় দুই মাস আগে জামিন পেয়েছিলেন। আজিমের জামিন ও আইনজীবী উজ্জ্বলের মক্কেল হেদায়েত কুরাইশের সাম্প্রতিক জামিনের বিষয়টিকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে। এ ঘটনায় পরে দুঃখ প্রকাশ করে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, কারা এই ভাঙচুর করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা উদ্ঘাটন করবো। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান। তিনি বলেন, উপযুক্ত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়