উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে একটি মাছের প্রজেক্টের বাসা থেকে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মাছের প্রজেক্ট থেকে ২৯ এপ্রিল(মঙ্গলবার)রাত ৯ টার দিকে রান্না অবস্থায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। স্থানীয়রা ফজলুল হক বলেন, বহিরাগত কিছু মানুষ দীর্ঘদিন ধরে বাবু শেখের মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কাজ করে। প্রতিনিয়ত তারা মাংস রান্না করে কিন্তু কিসের মাংস রান্না করে আমরা জানি না। হঠাৎ দেখলাম মাছের প্রজেক্টের বাসা থেকে রাতে বনবিভাগ ও পুলিশ রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে। প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, আমার মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কাজ করতেছে আমি তাদের কাউকে চিনি না ভেকু মালিকদের সাথে আমার যোগাযোগ। তারা সব বহিরাগত তারা যে কি খাওয়া দাওয়া করছে আমি তাও জানিনা। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, আমরা হঠাৎ জানতে পারি চুনায় এক মাছের প্রজেক্টে হরিণের মাংস রান্না হচ্ছে। সেই মুহূর্তে আমাদের আভিযানিক টিম নিয়ে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করি। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

