প্রতিদিনের ডেস্ক:
বয়স যে শুধু একটি সংখ্যা ফুটবলের সেই চিরন্তন সত্য আবারও প্রমাণ করতে চলেছেন স্পেনের অ্যাঞ্জেল মাতেওস গঞ্জালেস। আগামী রবিবার স্পেনের পঞ্চম স্তরের ফুটবল লিগে সিডি কোলুঙ্গা দলের হয়ে মাঠে নামলে তিনি হয়ে যাবেন দেশটির ইতিহাসে যেকোনো আনুষ্ঠানিক ম্যাচে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার।
৭০ বছর বয়সী গঞ্জালেস একসময় পেশায় ছিলেন খনি শ্রমিক। ৪৩ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নিলেও তিনি খেলাধুলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। চলতি মৌসুমে তিনি ক্লাবটির গোলরক্ষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছিলেন।তার দীর্ঘদিনের অবদান ও ফুটবলের প্রতি ভালোবাসাকে সম্মান জানাতেই ক্লাব কর্তৃপক্ষ তাকে এই ম্যাচের দলে অন্তর্ভুক্ত করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রেকর্ড ভাঙার চেষ্টা নয়, বরং গঞ্জালেসের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন।ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বলা হয়েছে, গঞ্জালেস ফুটবলের প্রতি ভালোবাসা, ধৈর্য ও নিবেদনের এক অনন্য উদাহরণ। যারা শুধু বয়স দেখে বিচার করছেন, তারা ফুটবলের প্রকৃত মূল্যবোধ বুঝতে পারছেন না।নিজেও এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত গঞ্জালেস জানিয়েছেন, বয়স সত্তরের ঘরে পৌঁছালেও তিনি এখনো নিজেকে চটপটে অনুভব করেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আগে ফুটবল ছিল অনেক ভিন্ন ধরনের, মাঠ কাদা হয়ে গেলে খেলার মধ্যেই তা সামলাতে হতো।স্পেনের আঞ্চলিক লিগের একটি ম্যাচে প্রাভিয়ানো দলের বিপক্ষে তার এই ঐতিহাসিক অংশগ্রহণ এখন কেবল সময়ের অপেক্ষা। ফুটবল বিশ্বের কাছে এটি এক অনন্য অনুপ্রেরণার ঘটনা হয়ে থাকবে।

