প্রতিদিনের ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর শনিবার (২ এপ্রিল) দুপুরে ইসিতে সাংবাদিকদের তিনি বলেন, সংসদে থাকা-না থাকা নয় দলের আদর্শ ও প্রতিনিধিত্ব করব।নুসরাত তাবাসসুম বলেন, “গেজেট প্রকাশের পর শপথের বিষয় আসবে। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এত দূর চিন্তা করছি না।”তিনি আরো বলেন, “আমি সংসদে থাকি বা না থাকি, সবসময় আমার দলের প্রতিনিধিত্ব করব। আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, তা মেনে চলব।”
এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মূসা জানান, আইন অনুযায়ী একটি দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিতে পারে। এনসিপির পক্ষ থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে মনিরা শারমিনের মনোনয়ন আইনগত কারণে গ্রহণ করা হয়নি। আপিল করলেও নির্বাচন কমিশন তা খারিজ করে। বর্তমানে তিনি উচ্চ আদালতে গেছেন সেখান থেকে ভিন্ন নির্দেশ এলে নির্বাচন কমিশন ও দল তা অনুসরণ করবে।এদিকে, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এর পর গত ২১ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত তার মনোনয়ন গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করে।

