২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফসলের ব্যাপক ক্ষতি

হাওরাঞ্চলে ফসল বলতে একটাই—বোরো ধান। কৃষকের সারা বছরের খাদ্যের জোগান, আশা-ভরসা, স্বপ্ন—সবকিছু এই ফসল ঘিরে আবর্তিত হয়। মাত্র কয়েক দিনের বৃষ্টিতে সেই ধান এখন পানির নিচে। চোখের সামনে পাকা ধান পচে যাচ্ছে। অথচ আর কয়েক দিন পরই কৃষকের গোলা ভরে যেত। পরিস্থিতি এতটাই করুণ, হাওরাঞ্চলের কৃষকের অস্তিত্বই বিপন্ন হতে চলেছে। খবরে বলা হয়েছে, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানির নিচে প্রায় এক লাখ ৭২ হাজার হেক্টর জমির ফসল, যা মোট আবাদের প্রায় ৩৮ শতাংশ। আতঙ্কে অনেকে আধাপাকা ধান কেটে ফেলছেন। গবাদি পশুর খাবারেও সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে কৃষকের মাথায় হাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে হাওরের সাত জেলায় মোট চার লাখ ৫৫ হাজার ১৫৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৯ লাখ ২৫ হাজার ২৫০ টন। গত মঙ্গলবার পর্যন্ত প্রায় দুই লাখ ৮২ হাজার ১৯৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের ৬২ শতাংশ। যেসব কৃষক ক্ষতিগ্রস্ত, তাঁদের সহায়তা করতে হবে। হাওরের এই শোচনীয় পরিস্থিতি পুরোটাই প্রাকৃতিক দুর্যোগ, তা বলা যাবে না। বেশ কয়েক বছর থেকে হাওরে অপরিকল্পিত কিছু বাঁধ নির্মাণ এবং অপ্রয়োজনীয় নতুন নতুন প্রকল্প নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন। এমন কিছু বাঁধ হাওরের ফসল রক্ষার নামে তৈরি করা হয়, যেগুলো কৃষকের গলার ফাঁস হয়ে ওঠে। স্থানীয় লোকজন জানিয়েছে, এবার পাহাড়ি ঢলে ফসলের বেশি ক্ষতি হয়নি, বরং টানা বৃষ্টির পানি বাঁধের কারণে নদীতে নামতে না পারায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন দেশে দেশে স্পষ্ট। অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রতিবছরই দেখা যাচ্ছে। ক্ষয়ক্ষতিও অনেক। কিন্তু অনেক দেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। অনেক সময় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন প্রকল্প গ্রহণ করছি, যাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে। নিঃসন্দেহে এটি ইতিবাচক সাড়া। আমরা মনে করি, এর যথাযথ বাস্তবায়ন হতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক যেন সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাওরে ফসল রক্ষায় টেকসই পদক্ষেপ নিতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়