প্রতিদিনের ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সবশেষ ২০১৬ সালে ফাইনালে পা রেখেছিল অ্যাটলেটিকো। সেবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপা স্বপ্ন অধরাই থেকে যায়। তবে এবার আর তেমনটা হতে দিতে নারাজ ক্লাবটি। তবে আগে পা রাখতে হবে ফাইনালে।তাই সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে টপকে ফাইনালে খেলতে আত্মবিশ্বাসী অ্যান্তোনিও গ্রিজম্যান। প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয় লেগে তাই যে দলই জিতেবে ফাইনালে পাবে পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখকে।আর্সেনালকে হারিয়ে ফাইনালে খেলতে চাওয়া গ্রিজম্যানের মূল লক্ষ্যটা ট্রফিতে। খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না গ্রিজম্যান। ২০১৬ সালের ফাইনালে পেনাল্টি মিসের ভুল এবার শুধরেও নিতে চান তিনি। যদিও টাইব্রেকারে গোল করেছিলেন তিনি। কিন্তু দল পায়নি কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ।
চলমান মৌসুমে মেজর লইগ সকারে চলে যাওয়ার কথা ভেবেছিলেন গ্রিজম্যান। তেমনটা হলে এই স্বপ্ন তিনি দেখতে পারতেন না। এমএলএসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে, নিজের স্বস্তি নিয়ে প্রশ্নে গ্রিজম্যান বললেন, ‘আমি সবসময় নিজেকে নিয়ে স্পষ্ট ছিলাম, আমার লক্ষ্য ছিল এখানে থাকা। কারণ আমরা দারুণ কিছু করতে পারি, এটা জানতাম। আমার কোনো সন্দেহ ছিল না। আমার মনে হচ্ছিল আরেকটি ঐতিহাসিক কিছু করার এবং আরেকটি ফাইনাল জেতার সুযোগ আসবে। দলও জানতো এটা।’বিশ্বকাপ জিতলেও অ্যাটলেটিকোর জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। ১০ বছর আগের ফাইনালে বেশ মানসিক চাপে থাকার কথা স্বীকার করেছেন তিনি। ফ্রান্সের ফরোয়ার্ড বললেন, ‘ওই বছর ছিল একেবারে ভিন্ন, আমি অনেক মানসিক চাপে ছিলাম। সবকিছু দ্রুত হচ্ছিল, জানতাম না কীভাবে ধীরস্থির হতে হয়। এখন আমি অনেক শান্ত। ম্যাচগুলো খেলছি বেশ ফুরফুরে মেজাজে এবং অনেক আনন্দ নিয়ে।’
ফাইনাল খেলার বেশ ভালো সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। সেটি হাতছাড়া অরতে চান না গ্রিজম্যান, ‘আপনি মনে করতে পারে, এই মুহূর্তগুলো ফিরে আসবে, কিন্তু আসে না। সবাই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলার সুযোগ পায় না এবং আমরা ইতিহাস গড়তে পারি।’

