প্রতিদিনের ডেস্ক:
মার্কিন পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগের ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। সোমবার ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।৪৪ বছর বয়সী এই গায়িকা নিজে আদালতে উপস্থিত না থাকলেও তার আইনজীবীদের মাধ্যমে এই স্বীকারোক্তি দেন। ফলে ব্রিটনি কারাবাস এড়াতে পেরেছেন। যদিও আদালত তাকে এক দিনের কারাদণ্ড দিয়েছিলেন।তবে বিচারক জানিয়েছেন, গত মার্চ মাসে গ্রেফতারের সময় তিনি যে সময়টুকু পুলিশি হেফাজতে ছিলেন, তাতেই এই সাজা কার্যকর বলে গণ্য হবে।আদালতের পক্ষ থেকে ব্রিটনিকে এক বছরের অনানুষ্ঠানিক প্রবেশন এবং একটি ড্রিবলিং ক্লাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাকে নির্দিষ্ট অংকের জরিমানাও গুণতে হবে।অনানুষ্ঠানিক প্রবেশনের কারণে তাকে নিয়মিত কোনো প্রবেশন অফিসারের কাছে হাজিরা দিতে হবে না। গত ৪ মার্চ ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশ তাকে আটক করেছিল। সে সময় তিনি নিজের কালো বিএমডব্লিউ গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এবং অসংলগ্নভাবে চালাচ্ছিলেন। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে অ্যালকোহল ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের উপস্থিতি পাওয়া গিয়েছিল।
এই ঘটনার পর গত এপ্রিলেই ব্রিটনি স্পিয়ার্স স্বেচ্ছায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হন। গায়িকার আইনজীবী মাইকেল গোল্ডস্টেইন আদালতের বাইরে সাংবাদিকদের জানান, অপরাধ স্বীকার করাটা আনন্দের কিছু নয় তবে বর্তমান পরিস্থিতিতে মামলাটি শেষ করতে পারায় সবাই সন্তুষ্ট। অন্যদিকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক নাসারেঙ্কো বলেছেন, ব্রিটনি নিজের কৃতকর্মের পূর্ণ দায়ভার গ্রহণ করেছেন। ব্রিটনির প্রতিনিধিরা এই ঘটনাকে সম্পূর্ণ অমার্জনীয় হিসেবে বর্ণনা করেছেন এবং ব্রিটনি বর্তমানে নিজেকে শুধরে নিতে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।
সূত্র: স্কাই নিউজ

