প্রতিদিনের ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। তবে দলটির আনন্দের মাঝেই দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত ঘটনায় জড়িয়ে সম্ভাব্য শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠে আর্সেনাল।কিন্তু ম্যাচ শেষে এমিরেটস স্টেডিয়ামে ঘটে অপ্রীতিকর এক ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অ্যাতলেতিকোর ডিফেন্ডার মার্ক পুবিল আর্সেনাল খেলোয়াড়দের উদযাপনের মধ্যে ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।ভিডিও অনুযায়ী, পুবিল প্রথমে পেছন থেকে ধাক্কা দেন আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিয়োকেরেসকে। সে সময় তার পাশে ছিলেন ক্রিস্তিয়ান মস্কেরা ও জেসুস।মস্কেরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও জেসুস ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। একপর্যায়ে তাকে পুবিলের মুখে আঘাত করতে দেখা যায়। পরে আর্সেনালের তরুণ মিডফিল্ডার মাইলস লুইস-স্কেলি এবং ডেকলান রাইস এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর পুবিলকে টানেলের দিকে সরিয়ে নেওয়া হয়।ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখছে উয়েফা। জানা গেছে, ম্যাচ ডেলিগেটের প্রতিবেদনের ভিত্তিতে পুরো ঘটনা পর্যালোচনা করবে সংস্থাটির ডিসিপ্লিনারি প্যানেল। সেখানে জেসুসের আচরণ শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হলে ফাইনালে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি।পুরো ম্যাচে বেঞ্চেই ছিলেন জেসুস। তবে মাঠের বাইরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে আর্সেনালের ট্রান্সফার প্রধান আন্দ্রেয়া বের্তার উত্তপ্ত বাক্যবিনিময়ও দেখা গেছে।চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি সুযোগ পাননি জেসুস। বেশির ভাগ সময়ই তাকে বদলি হিসেবে ব্যবহার করেছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। তবে নকআউট পর্বের প্রতিটি ধাপেই খেলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এখন ফাইনালে তার খেলা নির্ভর করছে উয়েফার সিদ্ধান্তের ওপর।বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠেয় ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ পিএসজি। প্রিমিয়ার লিগের বাকি সূচি শেষ করেই ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ইংলিশ ক্লাবটি।

