প্রতিদিনের ডেস্ক:
বিকালের আড্ডা কিংবা হালকা ক্ষুধার মুহূর্তে মুখরোচক নাস্তা হতে পারে পনির বিটরুট টিক্কা কাবাব। বিটরুট ও মশলার দারুণ স্বাদ আর নরম পনিরের মিশেলে সহজেই তৈরি করা যায় জনপ্রিয় এই খাবার।প্রথমে একটি পাত্রে আড়াইশ’ গ্রাম চিজ নিন। এতে আদা কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য ভাজা জিরার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর মিশ্রণটি ছোট ছোট বলের আকারে তৈরি করে রাখুন।এবার কড়াইয়ে তেল গরম করে আদা কুচি ও কাঁচা মরিচ কুচি হালকা ভেজে নিন। তারপর এতে গ্রেট করা বিটরুট দিন। সঙ্গে স্বাদমতো লবণ, জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিন।অন্যদিকে একটি সেদ্ধ আলু ম্যাশ করে তাতে ম্যাশ করা পনির মেশান। এরপর ভেজে রাখা বিটরুট, ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং বাইন্ডিংয়ের জন্য আধা কাপ বেসন দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন।মিশ্রণ প্রস্তুত হলে অল্প করে হাতে নিয়ে চ্যাপ্টা গোল আকার দিন। এর মধ্যে আগে তৈরি করে রাখা চিজ বল রেখে গোল বা পছন্দমতো আকারে কাবাব তৈরি করুন।সবশেষে অল্প তেলে কাবাবগুলো ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পনির বিটরুট টিক্কা কাবাব। চায়ের আড্ডায় সালাদ বা সসের সঙ্গে পরিবেশন করুন।

