১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পুলিশ সপ্তাহ-২০২৬: যশোর ডিবির তিন এসআই ও পিবিআই’র এস আই পেলেন আইজিপি ব্যাজ

নিজস্ব প্রতিবেদক
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এ প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র তিনজন সাব-ইন্সপেক্টর এবং পিবিআই যশোরের এক এসআই “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ-২০২৫” অর্জন করেছেন। গত ১০ থেকে ১৩ মে পর্যন্ত রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য প্যারেড ও নানা আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হয়। এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আইজিপি ব্যাজ প্রদান। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা,

কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের মাধ্যমে বিশেষ অবদান রাখায় যশোর জেলা পুলিশের তিন সদস্য এ সম্মানজনক ব্যাজ অর্জন করেন। আইজিপি ব্যাজপ্রাপ্ত যশোর ডিবি পুলিশের সদস্যরা হলেন, এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান। এদিকে, অপরাধ তদন্তে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ একই অনুষ্ঠানে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” অর্জন করেছেন পিবিআই, যশোর জেলার এসআই মোঃ আলমগীর হোসেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির তার হাতে এ সম্মাননা তুলে দেন। পুলিশ সূত্র জানায়, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন, অপরাধীদের আইনের আওতায় আনতে সাহসী ভূমিকা এবং জনগণকে নিরাপত্তা সেবায় আন্তরিক অবদানের জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদার মনোভাবের কারণে সহকর্মীদের কাছেও তিনি একজন নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত। এ অর্জনে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল। অন্যদিকে পিবিআই যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এসআই আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ সম্মাননা শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পিবিআই যশোর জেলার সকল সদস্যের জন্য গর্ব, অনুপ্রেরণা ও পেশাদারিত্বের প্রতীক। সহকর্মীদের মতে, অপরাধ দমনে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন এবং সত্য উদঘাটনে নিরলস প্রচেষ্টাই এসআই আলমগীর হোসেনকে এ সম্মাননার আসনে পৌঁছে দিয়েছে। এ অর্জনে যশোর পুলিশ ও পিবিআই অঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়