অভয়নগর প্রতিনিধি
টিসিবির পরিবেশক বহাল রাখার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরের অভয়নগরে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অহিদুজ্জামান (৩২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি মনিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের আটঘরা গ্রামের হযরত আলী মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া পৌর এলাকার টিসিবি পরিবেশক আহসানুল কাদির ও হুমায়ন কবীরের কাছে টিসিবির ডিলারশিপ বহাল রাখার কথা বলে প্রায় আড়াই লাখ টাকা দাবি করেন অহিদুজ্জামান। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নওয়াপাড়া বাজারের ‘ভাই ভাই ট্রেডিং’ অফিসে টাকা নিতে এলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অহিদুজ্জামান প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৫৬ ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার ব্যবহৃত কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি জব্দের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ দণ্ড কার্যকর করা হয়েছে। এ ঘটনায় নওয়াপাড়া বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার এমন ঘটনা রোধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

