উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধুমঘাট বিলে ওই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন। ১৪ মে(বৃহস্পতিবার) বিকালে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতা আয়োজন করে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ। এতে বগুড়া, যশোর, ফরিদপুর, খুলনার কয়রাসহ বেশ কয়েকটি এলাকা থেকে ৩২টি ঘোড়া এতে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন খুলনার কয়রার ইব্রাহিম শিকারির ঘোড়া, দ্বিতীয় হয়েছে লোহাগড়ার সাদ্দামের ঘোড়া এবং তৃতীয় হয়েছে ফরিদপুরের বাবুর ঘোড়া। খেলা দেখতে আসা মেহেদী হাসান বাবু, হিমাংশু মন্ডল ও আশরাফুল আলমসহ কয়েকজন দর্শনার্থীরা জানান, গ্রামাঞ্চলের মানুষ খুব একটা বিনোদনের সুযোগ পায় না। এমন আয়োজন সত্যিই মানুষকে মুগ্ধ করেছে। পরিবার-পরিজন নিয়ে খোলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার মধ্যে অন্য রকম মজা পেয়েছেন তারা। ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া ফরিদপুরের বাবু, কয়রার ইব্রাহিম শিকারী ও বগুড়ার ফরাদ হোসেন জানান, শুধু টাকার জন্য প্রতিযোগিতায় অংশ নেন না তারা। সাধারণ মানুষদের বিনোদিত করার পাশাপাশি নিজেরাও আনন্দ পান। আয়োজক কমিটির সভাপতি ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক জানান, এ ধরনের আয়োজনের উদ্দেশ্য মানুষকে বিনোদন দেয়া। সেই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজকে এগিয়ে নেয়া । প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

