১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রিয়ালে কোচের সঙ্গে বিতর্কে এমবাপ্পে, দুয়ো দিল দর্শকরা

প্রতিদিনের ডেস্ক:
রিয়াল মাদ্রিদের জার্সিতে ট্রফিহীন মৌসুমটা এমনিতেই হতাশায় কাটছে কিলিয়ান এমবাপ্পের। তার ওপর ঊরুর চোট কাটিয়ে মাঠে ফিরেই এবার বার্নাব্যুতেই সমর্থকদের দুয়ো শুনতে হলো ফরাসি তারকাকে।ম্যাচ শেষে আবার কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে কথোপকথন নিয়ে বিস্ফোরক মন্তব্যও করলেন তিনি।বৃহস্পতিবার লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ২-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন না এমবাপ্পে। ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তখনই বার্নাব্যুর গ্যালারি থেকে ভেসে আসে শিস ও দুয়ো।ম্যাচ শেষে সাংবাদিকদের এমবাপ্পে বলেন, কোচ আরবেলোয়া নাকি তাকে জানিয়েছেন তিনি দলের ‘চতুর্থ পছন্দের ফরোয়ার্ড’।‘আমি পুরোপুরি ফিট ছিলাম। কিন্তু কোচ আমাকে বলেছেন, মাস্তানতুয়োনো, ভিনিসিয়ুস ও গনসালো গার্সিয়ার পর আমি চতুর্থ পছন্দের ফরোয়ার্ড। আমি সেটা মেনে নিয়েছি।যতটুকু সময় পেয়েছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি,’ বলেন এমবাপ্পে।তিনি আরো বলেন, ‘আমি শুরু থেকেই খেলতে প্রস্তুত ছিলাম। তবে কোচের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে। আবার একাদশে ফিরতে কঠোর পরিশ্রম করব।’তবে এমবাপ্পের এই বক্তব্যের কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে এসে সেটি সরাসরি অস্বীকার করেন আরবেলোয়া।রিয়াল কোচ বলেন, ‘আমার যদি চারজন ফরোয়ার্ড থাকত, তাহলে ভালোই হতো। আমি কখনও এমবাপ্পেকে এমন কিছু বলিনি। হয়তো সে ভুল বুঝেছে। আমি তাকে চতুর্থ পছন্দ বলব, এটা কখনও সম্ভব নয়।’
তিনি যোগ করেন, ‘চার দিন আগেও যে খেলোয়াড় বেঞ্চে ছিল না, তাকে আজ শুরুর একাদশে নামানো স্বাভাবিক ছিল না। এটা ফাইনালও নয়। আমি কোচ, আমিই সিদ্ধান্ত নেব কে খেলবে।’বার্সেলোনার কাছে শিরোপা হারানোর পর এটি ছিল রিয়ালের প্রথম হোম ম্যাচ। তার আগে চোটের কারণে এল ক্লাসিকোও মিস করেছিলেন এমবাপ্পে। চোট পুনর্বাসনের সময় সংক্ষিপ্ত ছুটিতে যাওয়ায় সমর্থক ও স্প্যানিশ গণমাধ্যমের সমালোচনার মুখেও পড়েন তিনি।এ নিয়ে এমবাপ্পে বলেন, ‘ছুটিটা ক্লাবের অনুমতি নিয়েই ছিল। সমর্থকদের দুয়োও আমাকে মেনে নিতে হবে। তারা খুশি নয়, সেটাই স্বাভাবিক।’মৌসুম নিয়ে হতাশাও লুকাননি ফরাসি ফরোয়ার্ড। ‘আমরা মৌসুমটা ভালো শুরু করেছিলাম। কিন্তু দ্বিতীয় ভাগে সবকিছু হারিয়ে ফেলেছি। আমাদের একটা খেলার ধরন ছিল, সেটাও হারিয়ে গেছে,’ বলেন তিনি।
চলতি মৌসুমে বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। মাঝপথে দায়িত্ব হারিয়েছেন জাবি আলোনসো, তার জায়গায় এসেছেন আরবেলোয়া। তবে নতুন কোচের সঙ্গে কোনো সমস্যা নেই বলেই দাবি এমবাপ্পের।‘আরবেলোয়ার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। এখন আমাকে আরো ভালো হতে হবে, যাতে গনসালো, মাস্তানতুয়োনো আর ভিনিসিয়ুসকে পেছনে ফেলে আবার জায়গা ফিরে পাই,’ বলেন এমবাপ্পে

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়