প্রতিদিনের ডেস্ক:
চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়- বলছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরে দুই দেশের নেতারা নতুন কিছু যৌথ সমঝোতায় পৌঁছেছেন বলেও জানিয়েছে তারা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও ডোনাল্ড ট্রাম্প নতুন একটি লক্ষ্য নির্ধারণে একমত হয়েছেন। সেই লক্ষ্য হলো- কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক তৈরি করা।বিবৃতিতে বলা হয়, আগামী তিন বছর এবং তার পরবর্তী সময়েও এই লক্ষ্য দুই দেশের সম্পর্ককে দিকনির্দেশনা দেবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দুই প্রেসিডেন্টের বৈঠক পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করেছে।একই সঙ্গে এতে দুই দেশের মধ্যে বিশ্বাস আরো গভীর হয়েছে এবং বাস্তবভিত্তিক সহযোগিতাও এগিয়েছে।তারা আরো দাবি করেছে, এই শীর্ষ বৈঠক বিশ্ব পরিস্থিতিতে প্রয়োজনীয় স্থিতিশীলতা ও নিশ্চয়তা এনে দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে যোগাযোগ এবং সমন্বয় আরো বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। পাশাপাশি, যেসব বিষয়ে দুই পক্ষের উদ্বেগ রয়েছে, সেগুলোও যথাযথভাবে মোকাবিলা করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।

