২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কুমিল্লায় প্রধানমন্ত্রী, পথে পথে জনতার ঢল

প্রতিদিনের ডেস্ক:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথে পথে হাজারো মানুষের ঢলে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশ অতিক্রম করে। ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুর সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সাধারণ মানুষকেও অপেক্ষা করতে দেখা যায়।এসময় মহাসড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে। গাড়িবহর যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে অপেক্ষমাণ নেতাকর্মীদের উজ্জীবিত করেন।চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকেই নির্ধারিত বিভিন্ন পয়েন্টে জড়ো হন।দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। একইভাবে বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়