প্রতিদিনের ডেস্ক:
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধ ও উত্তেজনার কারণে ইরানে বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশটিকে মানবিক সহায়তা পাঠিয়েছে কাজাখস্তান।
‘তাসনিম’ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, কাজাখস্তানের প্রেসিডেন্টের নির্দেশে ৩০ ওয়াগন মানবিক সহায়তা ইরানে পাঠানো হয়। সহায়তার মধ্যে ছিল টিনজাত মাংস, চিনি, ময়দা, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।এই সহায়তা ইরানের সারাখস রেলস্টেশনে পৌঁছানোর পর তা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ইরানে নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত অনতালাপ ওনালবায়েভ বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্বে ইরান কাজাখস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অংশীদারদের একটি।তিনি আরো বলেন, ‘কঠিন সময়েই প্রকৃত বন্ধুদের চেনা যায়।’এদিকে দীর্ঘদিনের যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের কারণে ইরানের অর্থনীতি এখন বড় সংকটের মুখে রয়েছে। দেশটিতে মূল্যস্ফীতি দ্রুত বেড়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে বার্ষিক মূল্যস্ফীতির হার প্রায় ৫৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্র জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে খাদ্যপণ্যের দাম ১১৫ শতাংশেরও বেশি বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে অনেক পরিবারকে।

