৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বৃষ্টিদিনে পাতে পড়ুক কাঁঠালের বিরিয়ানি

প্রতিদিনের ডেস্ক:
সকাল সকালে বৃষ্টি এসে ধুয়ে দিয়ে গেছে প্রকৃতি। সতেজ বাতাস বইতে শুরু করেছে। এমন দিনে একটু ভারী খাবারের আয়োজন করলে মন্দ হয় না! যারা আজ একটু ভারী খাবার রান্নার কথা ভাবছেন তারা কাঁঠালের বিরিয়ানি রান্না করতে পারেন। অতিথি আপ্যায়নে গরম গরম কাঁঠালের বিরিয়ানি রায়তা, সালাদ কিংবা বোরহানির সঙ্গে পরিবেশন করতে পারেন।
উপকরণ: মেরিনেশনের জন্য
দই — ১ কাপ
আদা-রসুন বাটা — ২ চা চামচ
হলুদ গুঁড়া — আধা চা চামচ
মরিচ গুঁড়া — ১ চা চামচ
বিরিয়ানি মসলা — ৩ চা চামচ
লবণ — পরিমাণমতো
লেবুর রস — ২ চা চামচ
তেল — ৪ চা চামচ
ধনেপাতা কুঁচি — ৩ চা চামচ
পুদিনাপাতা কুঁচি — ৩ চা চামচ
কাঁচা কাঁঠাল (সেদ্ধ করা) — ১২ টুকরা
গাজর (টুকরা করা) — ১টি
আলু (কাটা) — ১টি
মটরশুটি — পরিমাণমতো
পেঁয়াজ বেরেস্তা — ৪ চা চামচ
ভাতের জন্য
বাসমতি চাল — ২ কাপ
কাঁচা মরিচ — ২টি
লেবুর রস — ২ চা চামচ
লবণ — পরিমাণমতো
ফোড়ন ও দমের জন্য
পেঁয়াজ কুঁচি — ২টি
ঘি — ২ চা চামচ
ক্যাপসিকাম — ৮ টুকরা
জাফরান দুধ — ২ চা চামচ
দারুচিনি — ৩–৪ টুকরা
কালো এলাচ — ১টি
গোলমরিচ — ১ চা চামচ
লবঙ্গ — ৩–৪টি
এলাচ — ৪টি
তেজপাতা — ২টি
প্রথম ধাপ
একটি বড় বাটিতে দই, ১ চা চামচ আদা-রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া, ২ চা চামচ বিরিয়ানি মসলা, লবণ, লেবুর রস, তেল, ধনেপাতা ও পুদিনাপাতা কুঁচি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর সেদ্ধ কাঁঠাল, গাজর, আলু, মটরশুটি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন।
দ্বিতীয় ধাপ
বাসমতি চাল ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন।একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে লেবুর রস, কাঁচা মরিচ ও লবণ দিন। এরপর ভেজানো চাল দিয়ে ৭০–৮০% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
চাল সিদ্ধ হয়ে গেলে মাড় ঝরিয়ে আলাদা রাখুন।
তৃতীয় ধাপ
আরেকটি পাত্রে ঘি ও সামান্য তেল গরম করুন। তাতে তেজপাতা, দারুচিনি, কালো এলাচ, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুঁচি, বাকি আদা-রসুন বাটা ও ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট ভেজে নিন। এবার মেরিনেট করা কাঁঠাল ও সবজি দিয়ে অল্প আঁচে কষাতে থাকুন। সবজি নরম হওয়া পর্যন্ত রান্না করুন। প্রয়োজন না হলে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই।
চতুর্থ ধাপ
একটি ভারী তলার পাত্রে প্রথমে কিছু ভাত বিছিয়ে দিন। তার ওপর কাঁঠাল ও সবজির মিশ্রণ ছড়িয়ে দিন।এভাবে ভাত ও সবজির স্তর তৈরি করুন।সবশেষে ওপরে জাফরান দুধ, ঘি, ধনেপাতা ও পুদিনাপাতা কুঁচি ছড়িয়ে দিন।পাত্রের মুখ ভালোভাবে ঢেকে সবচেয়ে কম আঁচে ৩০ মিনিট দমে রাখুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়