১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে দা দিয়ে কুপিয়ে বৃদ্ধ আহত, শহরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক:
যশোরের মনিরামপুরে পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। একই রাতে যশোর শহরের খালধার রোড এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরও দুইজন আহত হয়েছেন। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রবিউল ইসলাম মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার বিপ্রকোণা এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি রবিউল ইসলামের ওপর হামলা চালায়। এসময় তাকে দা দিয়ে বাম কাঁধ ও পিঠে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অভিযুক্ত জহুরুল ইসলাম বিপ্রকোণা গ্রামের জুলফিকারের ছেলে বলে জানা গেছে।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে যশোর শহরের খালধার রোড নিকেরীপাড়া এলাকায় রকির দোকানের সামনে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- খালধার রোড কদমতলা এলাকার মুরাদের ছেলে রাব্বী (১৮) এবং পশ্চিম বারান্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়