২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম স্মরণে সাহিত্য আড্ডা

নারী সাংবাদিকতার অগ্রদূত, বাংলা ভাষার প্রথম নারী জাগরণের মুখপত্র ঐতিহাসিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করে প্যাপিরাস পাঠাগার। ৫ জুন বিকেলে চাঁদপুর শহরে পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় কিংবদন্তি সম্পাদক নূরজাহান বেগমের ‘জীবন ও কর্ম’ সম্পর্কে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন চর্যাপদ সাহিত্য একাডেমির উপ-মহাপরিচালক নন্দিতা দাস, বংশীবাদক বেলাল শেখ, আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি, পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, সাহিত্যানুরাগী সবিতা ও ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে নূরজাহান বেগমের সম্মানে সংগীত পরিবেশন করেন বিটিভির নিয়মিত কণ্ঠশিল্পী নন্দিতা দাস এবং কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আমির হোসেন বাপ্পি।অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘বেগম পত্রিকা ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করলেও ৫০-এর দিকে স্থানান্তরিত হয়ে এর কার্যালয় ঢাকায় চলে আসে এবং নিয়মিত প্রকাশিত হতে থাকে। তৎকালীন নারী সমাজের সুখ-দুঃখের চিত্র এতে গুরুত্ব পায়। ধীরে ধীরে এটি মানুষের মনে ঠাঁই পেতে থাকে। শুরুর দিকে পত্রিকাটি বেগম সুফিয়া কামালের সম্পাদনায় বের হলেও পরে নূরহাজান বেগমের হাতেই প্রাণ পায়।’
তিনি বলেন, ‘নূরজাহান বেগম ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান। তিনি ঐতিহাসিক সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের কন্যা। সওগাতের প্রেস থেকেই পত্রিকাটি প্রকাশিত হতো। মূলত সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের হাতেই পত্রিকাটি প্রতিষ্ঠা লাভ করে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়