২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

৪৮ ঘণ্টার স্টোরি, সুপার হার্টসসহ যেসব সুবিধা থাকছে ইনস্টাগ্রাম প্লাসে

প্রতিদিনের ডেস্ক:
সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তুলতে নতুন সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে মেটা। ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামে এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন একাধিক এক্সক্লুসিভ ফিচার, যা সাধারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া যায় না। যারা প্ল্যাটফর্মটি আরও পেশাদারভাবে ব্যবহার করেন বা অতিরিক্ত কাস্টমাইজেশনের সুবিধা চান, তাদের জন্যই মূলত এই পরিষেবা আনা হয়েছে।
সাধারণ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কি টাকা দিতে হবে?
না। ইনস্টাগ্রাম আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। নতুন এই সাবস্ক্রিপশন পরিষেবা সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ, যারা অতিরিক্ত সুবিধা নিতে চান, শুধু তারাই ইনস্টাগ্রাম প্লাসের সদস্য হতে পারবেন। সাধারণ ব্যবহারকারীদের বর্তমান ফিচার বা পরিষেবায় কোনো পরিবর্তন আসছে না।
ইনস্টাগ্রাম প্লাসে কী কী সুবিধা মিলবে?
মেটা জানিয়েছে, নতুন এই পরিষেবার ফিচারগুলো মূলত স্টোরি, ইনসাইটস এবং প্রোফাইল কাস্টমাইজেশন-এই তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।
স্টোরি ব্যবহারে মিলবে বাড়তি নিয়ন্ত্রণ
ইনস্টাগ্রাম প্লাস ব্যবহারকারীরা স্টোরি পোস্ট করার ক্ষেত্রে কয়েকটি বিশেষ সুবিধা পাবেন। স্টোরি স্পটলাইট: আপনার স্টোরি বন্ধুদের ফিডে বেশি গুরুত্ব পাবে।
সুপার হার্টস: স্টোরিতে রিঅ্যাক্ট করলে বিশেষ অ্যানিমেটেড হার্ট ইফেক্ট দেখা যাবে।
মাল্টিপল স্টোরি অডিয়েন্স: আলাদা আলাদা দর্শক তালিকা তৈরি করে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য স্টোরি শেয়ার করা যাবে।
স্টোরি এক্সটেন্ড: সাধারণ ২৪ ঘণ্টার পরিবর্তে স্টোরি ৪৮ ঘণ্টা পর্যন্ত দৃশ্যমান রাখা যাবে।স্টোরি ভিউ ও ইনসাইটসে নতুন সুবিধা
যারা নিজেদের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করতে পছন্দ করেন, তাদের জন্যও রয়েছে বেশ কিছু নতুন টুল। স্টোরি প্রিভিউ: স্টোরিতে সরাসরি প্রতিক্রিয়া না জানিয়েও প্রিভিউ দেখা যাবে। স্টোরি রিওয়াচ ইন্সাইটস: কতবার কোন স্টোরি পুনরায় দেখা হয়েছে, তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সার্চ ভিউয়ার লিস্ট: স্টোরি দর্শকদের তালিকায় নির্দিষ্ট কারও নাম খুঁজে দেখা যাবে তিনি স্টোরি দেখেছেন কি না।
প্রোফাইল হবে আরও ব্যক্তিগত
ইনস্টাগ্রাম প্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলকে আরও আলাদা করে সাজানোর সুযোগ পাবেন। কাস্টম অ্যাপ আইকন: বিভিন্ন বিশেষ ডিজাইনের আইকনের মধ্যে থেকে পছন্দমতো ইনস্টাগ্রাম আইকন বেছে নেওয়া যাবে। কাস্টম বায়ো ফন্ট: নিজের বায়োতে ভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা যাবে। মোর প্রোফাইল পিনস: আগে যেখানে সর্বোচ্চ ৩টি পোস্ট পিন করা যেত, সেখানে এখন ৬টি পোস্ট পিন করা সম্ভব হবে। ডাইরেক্ট প্রোফাইল পোস্ট: কোনো পোস্ট বন্ধুদের হোম ফিডে না দেখিয়ে সরাসরি নিজের প্রোফাইলে প্রকাশ করা যাবে।
কত খরচ হবে?
ইনস্টাগ্রাম প্লাসের রোলআউট ইতিমধ্যেই বিভিন্ন দেশে শুরু হয়েছে। মার্কিন বাজারে এর মাসিক সাবস্ক্রিপশন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮০ টাকার কাছাকাছি। তবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হতে পারে। মেটা জানিয়েছে, আগামী মাসগুলোতে এই পরিষেবায় আরও নতুন প্রিমিয়াম ফিচার যুক্ত করা হবে।
কারা ইনস্টাগ্রাম প্লাস ব্যবহার করবেন?
যারা নিয়মিত কনটেন্ট তৈরি করেন, ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন অথবা ইনস্টাগ্রামে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চান, তাদের জন্য ইনস্টাগ্রাম প্লাসে একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। অতিরিক্ত কাস্টমাইজেশন, উন্নত ইনসাইটস এবং বাড়তি স্টোরি সুবিধা-সব মিলিয়ে এটি ইনস্টাগ্রাম ব্যবহারকে আরও সমৃদ্ধ করে তুলবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়