প্রতিদিনের ডেস্ক:
কয়েক মাস ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর প্রথমে ঢাকায়, অতঃপর ভারতের চেন্নাইতে দুটি অস্ত্রোপচার করা হয় তার মস্তিষ্কে। এখনো চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। কিন্তু কেমন আছেন তানিয়া? চিকিৎসাকালীন চুপচাপ রয়েছেন তিনি। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল। এ নিয়ে সতীর্থ ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। তবে তানিয়া জানালেন, তিনি ঠিকঠাক আছেন। নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন।একটি গণমাধ্যমকে তানিয়া বলেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে।’ একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তানিয়া। জানালেন, নিয়মিত তার কাছে গিয়ে চেকআপ করান, নিয়ম-কানুন মেনে চলেন।
তানিয়ার মস্তিষ্কে আরো একটি সার্জারি করাতে হবে। তবে সেটার জন্য আরও কিছুটা সময় দরকার। অভিনেত্রী জানান, ২০ জুন তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। সেগুলোর পর তৃতীয় সার্জারির বিষয়ে জানাতে পারবেন চিকিৎসক। আপাতত বাসায় থেকে পূর্ণাঙ্গ বিশ্রাম নিচ্ছেন এ অভিনেত্রী।
প্রসঙ্গত, ৯ মার্চ চেন্নাইতে গিয়েছিলেন তানিয়া। মাস খানেক সেখানে চিকিৎসাধীন থাকার পর এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি। এই লম্বা সময়ে নতুন কোনো কাজে অংশ নিতে পারেননি। তবে পুরনো কিছু নাটক এই ঈদে প্রচারিত হয়েছে। সুস্থ হওয়ার পর পুনরায় অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

