প্রতিদিনের ডেস্ক:
আসন্ন অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অংশ হিসেবে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।তারা জানান, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত বাজেটে বরাদ্দে কিছুটা কাটছাঁট হতে পারে।ইসি সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন এই পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদ নির্বাচনের উপযোগী রয়েছে।ইসির তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে। সারাদেশে বিপুল সংখ্যক ভোটকেন্দ্র ও নির্বাচনি অবকাঠামো ব্যবহারের কারণে এই দুই ধরনের নির্বাচনের খরচ প্রায় সমপর্যায়ের হয়ে থাকে।চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সংসদ নির্বাচনের জন্য বরাদ্দকৃত অর্থের একটি অংশ এখনও অব্যয়িত রয়েছে।” তিনি জানান, কমিশন অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে সাশ্রয়ীভাবে নির্বাচন পরিচালনার চেষ্টা করছে। স্থানীয় সরকার নির্বাচনেও প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন।

