২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

তৃণমূলে ফের ধাক্কা, রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন সুস্মিতা দেব

প্রতিদিনের ডেস্ক:
দুদিন আগে রাজ্যসভার সদস্যপদ ও তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়। এবার একই পথে হাঁটলেন দলের আরেক রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।বুধবার তিনি রাজ্যসভার সদস্যপদ ছাড়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন। ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণণের কাছে পাঠানো চিঠিতে সুস্মিতা দেব তার ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণের অনুরোধ জানান। তবে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দেননি।সুস্মিতা দেব একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। তিনি অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। আসামের শিলচর লোকসভা আসন থেকে নির্বাচিত সাংসদ সুস্মিতা ২০১৯ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। পরে তাকে দলের জাতীয় মুখপাত্র করা হয় এবং রাজ্যসভায় পাঠানো হয়।ইস্তফার পর দিল্লিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুস্মিতা দেবের সাক্ষাৎ নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। তাদের বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পর গুঞ্জন ছড়িয়েছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এমনকি আসামের কোনো লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার সম্ভাবনাও আলোচনা হচ্ছে।এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে অস্থিরতা বাড়ছে। সাম্প্রতিক সময়ে দলের একাধিক কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি পদত্যাগ করেছেন।এর মধ্যেই লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন পৃথক ব্লক গঠন করে স্পিকার ওম বিড়লার কাছে সমর্থনপত্র জমা দিয়েছেন। একইভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায়ও তৃণমূলের বড় অংশ বিদ্রোহী অবস্থান নিয়েছে। ফলে নির্বাচনী বিপর্যয়ের পর দলটির অভ্যন্তরীণ সংকট আরও গভীর হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়